দেশের নদী, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রমকে সমন্বিতভাবে এগিয়ে নিতে বিশেষ একটি সেল গঠন করেছে সরকার। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে সভাপতি করে ৮ সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নবগঠিত সেল নদী-খাল-জলাশয় খননের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করবে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার অধীনে চলমান প্রকল্পগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এবং খনন কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করে উদ্ভূত সমস্যা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে। পাশাপাশি জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বাড়াতে প্রচার কার্যক্রমও হাতে নেবে।
এতে আরও বলা হয়, প্রয়োজনে সদস্যরা পারস্পরিক আলোচনার মাধ্যমে নতুন সদস্য কো-অপ্ট করতে পারবেন। সেলের প্রশাসনিক ও দাপ্তরিক সহায়তা প্রদান করবে পানি সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গেই আদেশটি কার্যকর হয়েছে বলে জানানো হয়েছে।
সভাপতি: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
ভূমি মন্ত্রণালয়ের সচিব,কৃষি মন্ত্রণালয়ের সচিব,স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব,পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর প্রধান প্রকৌশলী,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-এর মহাপরিচালক
পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিবকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।