জুলাই জাতীয় সনদ বাতিল ও সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া রিটের শুনানি আগামী ১ মার্চ (রোববার) অনুষ্ঠিত হবে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের বেঞ্চ এ দিন ধার্য করেন।
রিটের পক্ষে শুনানি করবেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। রিটটি ১৮ ফেব্রুয়ারি দায়ের করা হয়েছিল। এতে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত রাখার আবেদন করা হয়েছে।
রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, জাতীয় ঐক্যমত কমিশন ও প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
এছাড়া, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ১৩ ফেব্রুয়ারি গণভোটের ফল বাতিল চাওয়া একটি রিটও হাইকোর্টে দায়ের করা হয়েছিল। সেই রিটের পক্ষে আইনজীবী ছিলেন এ বি এম আতাউল মজিদ তৌহিদ।