জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যে আওয়ামী লীগ পিলখানা হত্যাকাণ্ড পরিকল্পনা করেছিল এবং সেনাবাহিনীর অফিসারদের হত্যা করেছিল, সেই দলের রাষ্ট্রপতিকে নিয়ে শহীদ বীরদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা পিলখানা হত্যাকাণ্ডকে মশকরা করা ছাড়া কিছুই নয়।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন,
“২০২৬ সালের নির্বাচনের চিত্র এটাই। বিএনপি যখন দেখল এককভাবে জাতীয় নির্বাচনে জিততে পারবে না, তখন আওয়ামী লীগের সঙ্গে গোপনে বৈঠক করে প্রত্যেক আসনে তাদের নেতাকর্মীদের মাধ্যমে নির্বাচন পরিচালনা করেছে। সরকার গঠনসহ বিভিন্ন প্রক্রিয়া ক্ষেত্রবিশেষে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে।”
সারজিস আলম আরও উল্লেখ করেছেন, “যে আওয়ামী লীগ তারেক রহমানকে বাধ্যতামূলক নির্বাসনে পাঠিয়েছিল, ১৭ বছর দেশে আসতে দেয়নি, বেগম জিয়াকে মিথ্যা মামলায় জেলে রেখেছিল, বিএনপির হাজার হাজার নেতা-কর্মীকে নির্যাতন করেছিল, সেই আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে।”
তিনি বিএনপির স্থানীয় নেতাকর্মীদের সতর্ক করে বলেন, “সময়ের পরিক্রমায় যদি আবার আওয়ামী লীগের দ্বারা নেতাকর্মীরা নির্যাতিত হন বা রক্ত দিতে হয়, তাহলে দায় নিতে হবে বিএনপি ও তারেক রহমানকে।”
স্ট্যাটাসের শেষে সারজিস আলম প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধিক্কার জানিয়েছেন। কমেন্টে তিনি যোগ করেছেন, “বিগত ১৬ বছরে বিএনপির শীর্ষ নেতৃত্ব আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করায় সাধারণ নেতাকর্মীরা মাঠে ঘরে থাকতে পারেননি, মিথ্যা মামলায় জেলে থাকতে হয়েছে এবং পরিবারও বঞ্চিত হয়েছে।”