বিএনপির দলীয় পরিচয়ের কারণে জুলাই আন্দোলনে ক্ষতিগ্রস্ত অনেক নেতাকর্মীর পরিবার সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তবে বর্তমান সরকার রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আন্দোলনে ক্ষতিগ্রস্ত সবার পুনর্বাসন ও চিকিৎসা নিশ্চিত করবে বলেও জানান তিনি।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, অতীতে কিছু পরিবার দলীয় পরিচয়ের কারণে যথাযথ পুনর্বাসন সহায়তা পাননি—এমন অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্ট করে বলেন, আহত ও শহীদদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। যারা আন্দোলনে অবদান রেখেছেন, তাদের চিকিৎসা, পুনর্বাসন এবং প্রাপ্য সম্মান নিশ্চিত করা হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন, পরিবার সদস্যদের শিক্ষা ও বিভিন্ন ভাতার বিষয়ে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, জুলাই ফাউন্ডেশন-এর অতীত কার্যক্রম ও সরকারের দেওয়া বড় অঙ্কের তহবিল সঠিকভাবে ব্যবহৃত হয়েছে কি না—সেই বিষয়েও প্রধানমন্ত্রী জানতে চেয়েছেন। এ বিষয়ে নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।