প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পিলখানা হত্যাকাণ্ডে বস্তুনিষ্ঠ তদন্তের দাবি চরমোনাই পীরের

পিলখানা হত্যাকাণ্ডে বস্তুনিষ্ঠ তদন্তের দাবি চরমোনাই পীরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডকে দেশের ইতিহাসের অন্যতম শোকাবহ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ওই ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়, যা একটি স্বাধীন দেশের রাজধানীতে বিরল ও গভীর বেদনাদায়ক ঘটনা।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির এ মন্তব্য করেন।

তিনি অভিযোগ করেন, এত বড় একটি হত্যাকাণ্ডের এখনো নির্মোহ ও বস্তুনিষ্ঠ তদন্ত সম্পন্ন হয়নি। কারা এ ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং কী উদ্দেশ্যে এই বর্বরতা সংঘটিত হয়েছে— তা জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরা হয়নি বলেও তিনি দাবি করেন।

মুফতি রেজাউল করীম বলেন, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকৃত সত্য উদ্ঘাটনে দৃশ্যমান অগ্রগতি হয়নি। আর সময়ক্ষেপণ না করে দ্রুত নিরপেক্ষ তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা প্রয়োজন।

তিনি পিলখানায় শহীদ সেনা কর্মকর্তা ও সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা