আজ ২৫ ফেব্রুয়ারি জাতীয়ভাবে পালিত হচ্ছে শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে রাজধানীর পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের ১৭ বছর পূর্ণ হলো। দেশের ইতিহাসের অন্যতম শোকাবহ এই ঘটনায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে হত্যা করা হয়। দিনটি এখন রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।
দিবসটি উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত হত্যাযজ্ঞের পেছনে দেশ ও জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী চক্রান্ত ছিল। তিনি উল্লেখ করেন, দীর্ঘ সময় দিনটি যথাযথ গুরুত্বে পালিত হয়নি; তবে ২০২৪ সালের পর থেকে এটি রাষ্ট্রীয়ভাবে শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, এদিন আমরা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিচারাধীন বিষয় হওয়ায় বিস্তারিত মন্তব্য না করলেও তিনি মনে করেন, এ হত্যাকাণ্ডের পেছনের ষড়যন্ত্র সম্পর্কে নাগরিকদের সচেতন থাকা জরুরি।
সেদিন যা ঘটেছিল
২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে পিলখানায় তৎকালীন বিডিআরের বার্ষিক দরবার চলাকালে আকস্মিকভাবে হামলা চালায় বিদ্রোহী সদস্যদের একটি অংশ। সে সময় বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদের বক্তব্য চলছিল। হামলার পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিদ্রোহীরা সেনা কর্মকর্তাদের ওপর আক্রমণ চালায় এবং অনেককে হত্যা করে। পরিবারের সদস্যদের জিম্মি করে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
২৬ ফেব্রুয়ারি রাতে আত্মসমর্পণের মধ্য দিয়ে বিদ্রোহের অবসান ঘটে এবং আইনশৃঙ্খলা বাহিনী পিলখানার নিয়ন্ত্রণ নেয়। পরদিন সেখানে একাধিক গণকবরের সন্ধান পাওয়া যায়। নিহতদের মধ্যে ছিলেন তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার স্ত্রীসহ বহু সেনা কর্মকর্তা।
এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৩ সালের ৫ নভেম্বর ঢাকার বিশেষ আদালত রায় ঘোষণা করেন। রায়ে ১৫২ জনকে মৃত্যুদণ্ড, ১৬০ জনকে যাবজ্জীবন এবং ২৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২৭৭ জনকে খালাস দেওয়া হয়।
সর্বশেষ, গত বছরের জানুয়ারিতে এ মামলায় কয়েক দফায় শতাধিক বিডিআর সদস্য জামিনে মুক্তি পান।
শহীদ সেনা দিবসে জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে পিলখানার সেই বীর সেনাসদস্যদের, যাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।