২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনাসদস্যদের স্মরণে গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থান-এ আয়োজিত জাতীয় শহীদ সেনা দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে তারা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ১০টার দিকে প্রথমে রাষ্ট্রপতি শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের পর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান। এ সময় তাদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত বিশেষ মোনাজাতেও অংশ নেন তারা।
অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ) সদর দপ্তরে বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। ইতিহাসের সেই শোকাবহ দিনটি এখন রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালন করা হয়।