প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত আইজিপিঃ মো. আলী হোসেন ফকির

নতুন আইজিপির দায়িত্ব গ্রহণঃ মো. আলী হোসেন ফকির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন বলে বাংলাদেশ পুলিশ সদরদপ্তর সূত্রে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী মো. আলী হোসেন ফকিরকে সরকার নতুন আইজিপি হিসেবে নিয়োগ দিয়েছে।

জানা গেছে, তিনি বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। কর্মজীবনে বিভিন্ন রাজনৈতিক পটপরিবর্তনের সময় একাধিকবার চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরের মুখে পড়েন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় তিনি চাকরিতে পুনর্বহাল হন।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তিনি এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান। পরে সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি লাভ করেন।

বাগেরহাটের সন্তান আলী হোসেন ফকির ১৯৯৭ সালে প্রথম বরখাস্ত হন। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর তিনি পুনরায় দায়িত্বে ফেরেন। কর্মজীবনে তিনি দক্ষ ও সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত। এসপি হিসেবে একাধিক জেলায় দায়িত্ব পালন করেন এবং ২০০৮ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর উত্তরা জোনের ডিসি হিসেবে দায়িত্বে ছিলেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও দায়িত্ব পালন করেন তিনি।

দেশে ফেরার পর রাজশাহী ডিআইজি অফিসে সংযুক্ত ছিলেন। ২০২২ সালে আবারও বাধ্যতামূলক অবসরে পাঠানো হলেও পরবর্তীতে আইনি প্রক্রিয়ায় পুনরায় দায়িত্বে ফিরে এসে সর্বশেষ আইজিপি হিসেবে নিয়োগ পেলেন তিনি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা