মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি দুপুর ১:৪৪ ঘটিকায় ঢাকা–খুলনা মহাসড়ক-এর গোপালগঞ্জ জেলার মুকসুদপুর অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে মুকসুদপুর ফিলিং স্টেশন থেকে প্রায় ১০০ গজ দূরে প্রভাকরদি যাওয়ার রাস্তার মোড়ে, তুষার মিয়ার সড়ক সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চাউলবাহী ট্রাক, একটি 4V মোটরসাইকেল এবং একটি ইজিবাইকের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই বন্ধু গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাফি শেখকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে পথে তার মৃত্যু হয়।
নিহত রাফি শেখ, পিতা- জাহিদ শেখ, গ্রাম- চন্ডীবরদী, উপজেলা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ।
অন্যদিকে, গুরুতর আহত আরজু মজুমদার, পিতা- শিশির মজুমদার, গ্রাম- শিমুলসুর, উপজেলা- মুকসুদপুর, জেলা- গোপালগঞ্জ—তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।
এছাড়া অটোতে থাকা এক ব্যক্তির পা ভেঙে গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম চলছে।