বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে আপত্তিকর ছবি তৈরির চেষ্টা ও প্রায় ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পরদিনই জামিন পেয়েছেন বিতর্কিত গায়ক মাইনুল আহসান নোবেল।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ আপসের শর্তে তার জামিন মঞ্জুর করেন।
জামিন পাওয়ার পর গণমাধ্যমের সামনে নোবেল নিজের ভুল স্বীকার করলেও বেপরোয়া ভঙ্গিতে বলেন, “আমার দর্শক-শ্রোতারা আমাকে ভালো করে বোঝে, আমি হালকা পাগলা পাগলা আছি। তারা আমাকে ক্ষমা করে দেবে। মানুষ মাত্রই ভুল। আমারও ভুল হয়েছে। আবারও হইতে পারে।”
মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী সাজিদুল ইসলামের বরাত দিয়ে জানা যায়, আনাননিয়া শবনম রোজ নামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন নোবেল। অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত বিয়ের প্রলোভন দেখিয়ে প্রায় ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ করা হয়।
গত বছরের ১৩ আগস্ট ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করলে আদালত পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ৭ জানুয়ারি অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে প্রতিবেদন দেন পিবিআইয়ের উপপরিদর্শক নুরুজ্জামান। প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় নোবেলকে অন্য আসামিরাও সহযোগিতা করেছেন।
এরপর ২ ফেব্রুয়ারি নোবেলসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং সোমবার (২৩ ফেব্রুয়ারি) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলায় নোবেল ছাড়াও তার মা নাজমা হোসেন, স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, সহকারী মুনেম শাহ সৌমিক ও পরিচিত মাসুদ রানাকে আসামি করা হয়েছে।