প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মাদারীপুরে ফের দুপক্ষের সংঘর্ষ

মাদারীপুরে ফের দুপক্ষের সংঘর্ষ; মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র এলাকা।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মাদারীপুর শহরে আবারও ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পূর্ব আমিরাবাদ এলাকায় এক চালককে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা সোনালী পরিবহনের ড্রাইভার কাওসার হোসেন ও তার স্ত্রীকে ডিসি ব্রিজ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এ ঘটনার জেরে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদসহ আশপাশের এলাকায় কিশোর ও যুবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে আমিরাবাদ এলাকায় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার শঙ্কায় এলাকাবাসী ঘর থেকে বের হননি এবং অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আবুল কালাম আজাদ জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, রাজনৈতিক নেতৃবৃন্দ এগিয়ে এলে কিশোর গ্যাং নিয়ন্ত্রণ সহজ হবে।

উল্লেখ্য, সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় একাধিক সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা