প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মামলা দিয়ে হয়রানি আইনের শাসনের অন্তরায়: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলা দিয়ে হয়রানি আইনের শাসনের অন্তরায়: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মামলা দিয়ে কাউকে হয়রানি করা আইনের শাসনের অন্তরায় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ৫ আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলায় শয়ে-শয়ে, এমনকি হাজারে হাজারে আসামি করা হয়েছে। এর মধ্যে কিছু মামলা হয়রানিমূলক এবং শত্রুতামূলক উদ্দেশ্যে করা হয়েছে বলে সরকারের নজরে এসেছে।

মন্ত্রী বলেন, “এসব মামলা যাচাই-বাছাই করে খুঁজে বের করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য।”

তিনি আরও জানান, যে মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রে হত্যা, মাদক এবং নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা বাদ দেওয়া হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো যাচাই করে প্রত্যাহারের বিষয়ে সরকার নতুন উদ্যোগ নিয়েছে, তবে যাতে এর অপব্যবহার না হয়, সেদিকেও সতর্ক দৃষ্টি রাখা হবে।

এর আগে তিনি জানান, বিগত সরকারের সময়ে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা