প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র মাদারীপুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

মাদারীপুর জেলা শহরে আধিপত্য বিস্তার ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত শহরের পূর্ব আমিরাবাদ ও ডিসি ব্রিজ এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা ও একটি পরিবহনের চালক কাওসার হোসেনকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। অভিযোগ রয়েছে, ডিসি ব্রিজ এলাকার কয়েকজন যুবক তাকে ও তার স্ত্রীকে মারধর করে। খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষ চলাকালে অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আশপাশের এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন এবং স্থানীয় বাসিন্দারা নিরাপত্তার জন্য ঘরের দরজা বন্ধ করে দেন। ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদ এলাকা কার্যত রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। রাত ১০টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে প্রশাসন।

মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা