প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আইনি পদক্ষেপ নিয়েছেন মেহজাবীন চৌধুরী

আইনি পদক্ষেপ নিয়েছেন।মেহজাবীন চৌধুরী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ বোতল বিদেশি মদসহ আটকের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এর আগে বিষয়টি নিয়ে ঘুরিয়ে কথা বললেও, এবার সরাসরি ঘটনাটি অস্বীকার করেছেন তিনি। পাশাপাশি এই ‘মানহানিকর’ প্রচারণার বিরুদ্ধে ইতিমধ্যে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন এই তারকা।

মেহজাবীন পোস্টে উল্লেখ করেছেন, কোনো ঘটনায় তাকে বিমানবন্দরে থামানো হয়নি, তার হ্যান্ডব্যাগ বা লাগেজ আটক করা হয়নি এবং উল্লিখিত অভিযোগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি প্রশ্ন তুলেছেন, “আমাকে জিজ্ঞাসাবাদ করার, লাগেজ থেকে অবৈধ কিছু বের হওয়ার কোনো ছবি, ভিডিও বা প্রমাণ কি আছে?” মেহজাবীন আরও বলেছেন, যে খবরটি ছড়ানো হয়েছে, তাতে কোনো প্রমাণ নেই এবং ক্লিকবেইটের জন্য তার ছবি ব্যবহার করা হয়েছে।

তিনি জানিয়েছেন, সাম্প্রতিক বিতর্কের সূত্রপাত হয়েছে একটি সংবাদ থেকে, যেখানে দাবি করা হয়েছিল, ১৭ আগস্ট ব্যাংকক থেকে ফেরার পথে মদের বোতলসহ তাকে আটক করা হয়েছে। তবে এই তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি। অভিনেত্রী স্পষ্ট করে বলেছেন, এই ধরনের মানহানিকর প্রচারে তার কোনো সংশ্লিষ্টতা নেই এবং যারা এটি ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।

এর আগে তিনি অভিযোগ করেছিলেন, সাম্প্রতিক কিছুদিন ধরে তাকে বিভিন্ন বিষয়ে টার্গেট করা হচ্ছে। উল্লেখ্য, প্রায় তিন মাস আগে পারিবারিক ব্যবসায় অর্থ আত্মসাতের অভিযোগে আইনি জটিলতায় পড়লেও আদালত থেকে তিনি অব্যাহতি পান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা