ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের ২৯ ব্যাচের শিক্ষার্থী নাইমুদ্দীনের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার পর থেকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। তারা ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, গতকাল রাতে সোহরাওয়ার্দী উদ্যানে নাইমুদ্দীনের ওপর অযাচিত ও অনধিকারপ্রাপ্ত পুলিশি হামলা চালানো হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, “রাস্তা কি পুলিশের সম্পত্তি, মানুষ কি বিনা কারণে চলাচল করতে পারবে না?”
শাহবাগ থানায় অবস্থানরত শিক্ষার্থীরা তিন দফা দাবি জানিয়েছে:
১.ডিসি মাসুদসহ হামলায় অংশ নেওয়া প্রত্যেক পুলিশের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নিতে হবে।
২.ক্যাম্পাসের ভেতরে ও বাইরে সব ধরনের অযাচিত পুলিশিং বন্ধ করতে হবে।
৩.বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সার্বক্ষণিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীরা অবস্থানকালে বিভিন্ন স্লোগান দিয়েছেন এবং হামলায় জড়িতদের শাস্তি দাবির পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৎপরতার আহ্বান জানিয়েছেন।