প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

লেবু-শসায় কিছুটা স্বস্তি, কিন্তু বেগুন যেন ‘আগুন’

লেবু-শসায় কিছুটা স্বস্তি, কিন্তু বেগুন যেন ‘আগুন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

রমজানের শুরুতে যে নিত্যপণ্যের দাম নিয়ে ভোক্তাদের অস্বস্তি ছিল, এখন তার অনেকটাই কমেছে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেখা গেছে, লেবু ও শসার দাম উল্লেখযোগ্যভাবে নেমে এসেছে। তবে বেগুনের বাজার এখনো চড়া।

বর্তমানে প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়, যা রমজানের শুরুতে ছিল ১২০ থেকে ১৬০ টাকা। একইভাবে, শুরুতে ১০০-১২০ টাকায় ওঠা শসা এখন বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি দরে।

কাঁচামরিচের দামও কমেছে। বর্তমানে কেজি প্রতি ১২০-১৫০ টাকায় মিলছে, যা রোজার শুরুতে ছিল ২০০ টাকার বেশি। পেঁয়াজের দামও কমে ৪০-৫০ টাকায় নেমেছে, যেখানে প্রথমদিকে ছিল ৬০-৭০ টাকা।

সবজির বাজারেও মিলছে স্বস্তি। আলু সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে—প্রতি কেজি ২০ টাকা। কোথাও কোথাও ভ্যানে ৬ কেজি ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

 

 

 

 

এ ছাড়া—

করলা: ১০০ টাকা কেজি,মুলা: ৫০ টাকা,লতি: ৮০ টাকা,ধুন্দুল: ৬০ টাকা,পেঁপে: ৪০-৫০ টাকা,গাজর: ৩০-৪০ টাকা,টমেটো: ৪০-৫০ টাকা,কচুরমুখী: ৮০ টাকা,শিম: ৬০-৮০ টাকা,শালগম: ৪০-৫০ টাকা

ফুলকপি প্রতি পিস ৪০-৫০ টাকা, বাঁধাকপি ৩০-৪০ টাকা, লাউ ৫০-৬০ টাকা। ধনেপাতা ও পুদিনাপাতা ১০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে। লালশাক ১০ টাকা, পুঁইশাক ২০-৩০ টাকা এবং ডাঁটাশাক, কলমি শাক ও পালংশাক ১০ টাকা আঁটি দরে পাওয়া যাচ্ছে। লাউশাকের আঁটি ৩০-৪০ টাকা।

তবে বেগুনের বাজারে এখনো স্বস্তি নেই। রমজানের শুরুতে ১৫০ টাকার বেশি দরে বিক্রি হওয়া বেগুন কিছুটা কমলেও এখনো কেজি প্রতি ১০০ টাকার ওপরে রয়েছে। কালো লম্বা বেগুন ১০০ টাকা এবং চিকন লম্বা বেগুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, ইফতারে বেগুনি তৈরির চাহিদা বাড়ায় বিশেষ করে চিকন বেগুনের চাহিদা বেশি থাকে, ফলে এর দামও তুলনামূলক বেশি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা