প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

১ দিনে সরানো হলো এক ডজন সচিব

১ দিনে সরানো হলো এক ডজন সচিব,
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। এর অংশ হিসেবে আগের সরকারের সময়ে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ৯ জন সচিবের চুক্তি বাতিল করা হয়েছে। পাশাপাশি তিনজন সচিবকে তাদের মূল দায়িত্ব থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, শূন্য হওয়া গুরুত্বপূর্ণ পদগুলোতে চলতি সপ্তাহেই নতুন নিয়োগের প্রজ্ঞাপন জারি হতে পারে।

প্রশাসনিক আদেশে দায়িত্ব থেকে প্রত্যাহার হওয়া তিন সচিব হলেন—

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন,প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্না,ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন

 

অন্যদিকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া ৯ জনের মধ্যে রয়েছেন—
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক সিদ্দিক জোবায়ের, আপিল বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড. মো. মোখলেসুর রহমান, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এম এ আকমল হোসেন আজাদ, ড. কাইয়ুম আরা বেগম এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক বেগম শরিফা খান।

সচিবালয়ের একাধিক সূত্র জানিয়েছে, এসব শূন্য পদে নিয়োগের ক্ষেত্রে অতীতে পদোন্নতি ও পদায়নে বঞ্চিত এবং ক্ষতিগ্রস্ত কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া হতে পারে। বিশেষ করে রাজনৈতিক বিবেচনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব না পাওয়া দক্ষ ও জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্য থেকেই নতুন সচিব নিয়োগ দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে।

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে দায়িত্ব পেতে পারেন নবম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. শামসুল আলম। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র এপিএস হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দীর্ঘ সময় পদায়নবঞ্চিত থাকার পর ২০২৪ সালের ৫ আগস্ট প্রেসিডেন্টের আদেশে পুনরায় চাকরিতে বহাল হন তিনি। যদিও ২০২২ সালেই তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছিল, তবুও এখন পর্যন্ত কোনো মন্ত্রণালয়ে পদায়ন হয়নি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন নিয়োগের তালিকা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের উচ্চপর্যায়ের অনুমোদন মিললেই যেকোনো সময় প্রজ্ঞাপন জারি হতে পারে।

প্রশাসনে এই বড় ধরনের রদবদলকে কেন্দ্র করে সচিবালয়ে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা