চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন হলে আসন বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করার পর সমালোচনার মুখে পড়ে পরবর্তীতে আসন বৃদ্ধি করে বিজ্ঞপ্তি প্রকাশ করে চবি হল প্রশাসন।
গত ১৮ জানুয়ারি হলের আসন বরাদ্দের বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা থাকলেও চাকসু প্রতিনিধিদের হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পরিবর্তন করে।
হল প্রশাসনের বিজ্ঞপ্তি অনুযায়ী ২৬৯ টি খালি আসনের তথ্য পেয়ে চাকসু প্রতিনিধিরা যাচাই-বাছাই করে খালি আসন পেয়েছেন ৫৭২ টি। এতে ৩০৩ টি আসন বৃদ্ধি পেয়েছে।
ফরহাদ হল ও অতিশ দীপংকর হলে বিপুল পরিমাণ আসন বিশেষ বিবেচনায় একটি গোষ্ঠিকে বরাদ্দ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে চাকসু আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া।
শাহ আমানত হলে পূর্ববর্তী বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩০ টি আসন খালি অতচ চাকসু প্রতিনিধিরা খোজ নিয়ে ৪৮ টি খালি আসন পায়।
হল চেকিং প্রক্রিয়ায় শুরু থেকেই চাকসুর এজিএস চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক বিরোধিতা করে আসছে বলে অভিযোগ করেন চাকসু আবাসন সম্পাদক ইসহাক ভূঁইয়া।
এ বিষয়ে চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “হলে সিট বরাদ্দ নিয়ে প্রশাসনের অবহেলা ছিল,আমরা সেগুলো খতিয়ে দেখেছি,সরেজমিনে তদন্ত করে পরবর্তী খালি সিটের প্রকৃত সংখ্যা বের করে এনেছি,পরবর্তীতে প্রশাসনের মাধ্যমে সেগুলো বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। ”
চাকসুর যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, “হলের বিজ্ঞপ্তি প্রকাশের সময় হল প্রশাসন অবহেলা করেছে এবং সঠিক দায়িত্ব পালন করে নি তাই সবগুলো সিট প্রকাশিত হয়নি।”
এছাড়াও তিনি বলেছেন, ছাত্রদলের পরোক্ষ বিরোধিতার কারণে সিটের সঠিক সংখ্যা খুজে পেতে সমস্যা হয়েছে। চাকসু এজিএস আইয়ূবুর রহমান তৌফিক হল চেকিংয়ে পরোক্ষভাবে বাধা দিয়েছেন বলেও উল্লেখ করেন ইসহাক ভূঁইয়া।
এ অভিযোগের প্রেক্ষিতে জানতে চাইলে চাকসু এজিএস বলেন, ” আমি কখনো হল চেকিংয়ে বিরোধিতা করিনি বরং আমি বলেছি হল কর্তৃপক্ষকে সাথে নিয়ে নিরপেক্ষ তদন্ত করে সিট বের করা হোক।
হলে সিট গোপন রাখার বিষয়ে ছাত্রদলের সম্পৃক্ততা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ” ছাত্রদল কখনো সিট গোপন রাখার বিষয়ে হস্তক্ষেপ করে নি এবং ছাত্রদল চায় শিক্ষার্থীরা ন্যায্যতার ভিত্তিতে সিট বরাদ্দ পাক।
এছাড়াও তিনি বলেন, শিবিরের বিভিন্ন নেতাকর্মী যারা অবৈধভাবে হলে অবস্থান করতেছে তাদেরকে আড়াল করতেই রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন উনারা।