প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

খেলাফত মজলিসের ছয় দফা দাবি

খেলাফত মজলিসের ছয় দফা দাবি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসনের ফলাফল ও নির্বাচনের পরবর্তী পরিস্থিতি নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস ছয় দফা দাবি উত্থাপন করেছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মজলিস মহাসচিব জালালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়। রিকশা প্রতীকের এজেন্টদের বের করা, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, ভোট গণনায় টেম্পারিং ও ওভাররাইটিংয়ের অভিযোগ এসেছে।

দলটির দাবি, ৩৪ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতাদের নেতৃত্বে কেন্দ্র দখল ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা হয়, এবং লাঠিচার্জে জনৈক হায়দার আলীসহ অনেকেই আহত হন। পরে ২২ ফেব্রুয়ারি রাতে হায়দার আলী ইন্তেকাল করেন। এছাড়া ঢাকা-১৩সহ বিভিন্ন আসনে সমর্থকদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগও উত্থাপন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরা হয়:

  1. ঢাকা-১৩ আসনের ফলাফল বাতিল করে নিরপেক্ষ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ।
  2. হায়দার আলীর মৃত্যু ও নির্বাচনী অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত।
  3. ইব্রাহিম খলিলের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি।
  4. সারাদেশে নির্বাচনী অনিয়ম তদন্তের জন্য স্বাধীন কমিশন গঠন।
  5. রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলা বন্ধ করা।
  6. মজলিস নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা-মামলা ও হয়রানি বন্ধ।

জালালুদ্দীন আহমদ বলেন, “ঢাকা-১৩ কেবল একটি আসন নয়; এটি জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণবিশ্বাসের প্রশ্ন।” তিনি জাতীয় সংসদ, আদালত ও রাজপথে কর্মসূচির মাধ্যমে আন্দোলনের প্রস্তুতি জানান।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা