স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সোমবার (২৩ ফেব্রুয়ারি) জানিয়েছেন, পুলিশে ২,৭০১ জন কনস্টেবলকে জরুরি ভিত্তিতে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়ন শুরু হবে। তিনি এ তথ্য দেন সচিবালয়ে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে।
মন্ত্রী আরও জানান, লক্ষ্য হলো আইনশৃঙ্খলা বাহিনীকে জনপ্রত্যাশা অনুযায়ী পরিচালনা করা। এছাড়া, বিগত সরকারের সময় দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পুনঃযাচাই করা হবে। যেসব লাইসেন্স রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে বা অনুপযুক্ত, সেগুলো বাতিল করা হবে।
তিনি বলেন, “আমার জানা মতে, প্রায় দশ হাজারের বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি, যা এখন অবৈধ। এগুলোও যথাযথ প্রক্রিয়ায় উদ্ধার এবং আইনের আওতায় আনা হবে।”