বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টন-এ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সাংবাদিকেরা জানতে চান, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে—এ বিষয়ে সরকারের অবস্থান কী? জবাবে মির্জা ফখরুল বলেন, “এটা আমরা চাইনি এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে সব জায়গায়।”
তিনি বলেন, নয়াপল্টনের এই কার্যালয় থেকে অতীতে সবচেয়ে বেশি আন্দোলন ও কর্মসূচি পালন করা হয়েছে; যার নেতৃত্বে ছিলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এ কার্যালয় থেকে ঘোষিত কর্মসূচিগুলো জনগণকে অনুপ্রাণিত করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সরকারি নিয়ম ও প্রচলিত প্রথা অনুসরণ করেই সঠিক সময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, “যেসব প্রতিষ্ঠানের মেয়াদ আছে বা শেষ হয়েছে—সবগুলো পর্যালোচনা করে সরকারের তরফ থেকে উপযুক্ত সময়ে নির্বাচন দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে নিঃসন্দেহে এই নির্বাচনকে প্রাধান্য দেওয়া হবে।”
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রার্থীদের জনগণ, রাজনীতি ও দলের সঙ্গে সম্পৃক্ততা থাকতে হবে। দলের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ব্যক্তিদেরই অগ্রাধিকার দেওয়া হবে।