বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।
দায়িত্বশীল সূত্র জানায়, নতুন মন্ত্রীর সঙ্গে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক হওয়ায় শুরুতে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন–পরবর্তী নিরাপত্তা ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক জোনের সুরক্ষা জোরদার, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন কার্যক্রম এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়ে আলোচনা হতে পারে।
এছাড়া বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো, গোয়েন্দা তৎপরতা জোরদার, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা শক্তিশালী করা এবং কারাগার ব্যবস্থাপনার সাম্প্রতিক অবস্থা নিয়েও দিকনির্দেশনা আসতে পারে বলে জানা গেছে। মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হতে পারে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়ার সম্ভাবনা রয়েছে।
উচ্চ পর্যায়ের এ বৈঠকে উপস্থিত আছেন—
পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ সাজ্জাদ আলী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশ-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী-এর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর-এর মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আরও উপস্থিত আছেন— জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর-এর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, কারা অধিদপ্তর-এর মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, বাংলাদেশ কোস্ট গার্ড-এর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান।