প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছেঃ নাসীরুদ্দীন পাটওয়ারী

"হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে"
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার খবর নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি জুলাইয়ের অভ্যুত্থানে হতাহতদের ঘটনায় দায়ীদের বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি নিয়েও জনসমক্ষে ব্যাখ্যা চেয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন। পোস্টটি তিনি হাসনাত আবদুল্লাহ-কে ট্যাগ করে লেখেন। হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং এনসিপির মুখ্য সংগঠক।

 

 

 

 

পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, “হাসনাত আবদুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইলো, এইবার সংস্কার আর বিচার হইব্বে।” তার ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ আবার প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করছে—এ অবস্থায় সংস্কার ও বিচার কতদূর এগোলো, সে বিষয়ে স্পষ্ট বার্তা প্রয়োজন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয় বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। সে সময় প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। পরবর্তীতে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে এবং রাষ্ট্র পরিচালনায় বিভিন্ন সংস্কার উদ্যোগের ঘোষণা দেওয়া হয়।

অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ১২ ফেব্রুয়ারি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট। ওই নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে জয় পান হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে ঢাকার একটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নাসীরুদ্দীন পাটওয়ারী।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা