রোজার সময়সূচি অনুযায়ী সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী নির্ধারিত সময়েই অফিসে পৌঁছান। এত সকালে তাকে অফিসে দেখে অনেকে অভিভূত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
রুমন আরও বলেন, একজন সাংবাদিক সকাল ৯টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর অফিসে আসার ছবি তোলার জন্য অপেক্ষার কথা উল্লেখ করেন। কিন্তু প্রধানমন্ত্রী যে ১৫ মিনিট আগেই সচিবালয়ে প্রবেশ করেছেন, তা তিনি জানতেন না।
সচিবালয়ে পৌঁছে প্রধানমন্ত্রী খোঁজ নেন কোন কোন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা অফিসে উপস্থিত হয়েছেন। নির্দিষ্ট সময়ে উপস্থিতি নিশ্চিত করতে তিনি মৌখিক নির্দেশনাও দেন।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। পরদিন থেকে তিনি সচিবালয়ে দপ্তরে নিয়মিত অফিস শুরু করেন। ছুটির দিন শনিবারও তিনি তেজগাঁও কার্যালয়ে অফিস করেন।