অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দায়িত্ব গ্রহণের পর বলেছেন, “কথা কম বলে কাজ বেশি করতে চাই। মাত্র এলাম, কাজ শুরু করি, পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলব। আমি প্রেস ফ্রেন্ডলি মানুষ, সুতরাং সবকিছুই জানানো হবে।”
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এ সময় কমিশনের বিভিন্ন বিভাগ থেকে ফুল নিয়ে আসা হলে তিনি তা গ্রহণে অপারগতা প্রকাশ করে বলেন, “প্লিজ, ফুলটুল দেবেন না। এখন কাজের সময়।”
পরিকল্পনা মন্ত্রণালয়ে কতটা সময় দেবেন—এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “কাজের চাপ অনুযায়ী সময় দেওয়া হবে। আগে কর্মকর্তাদের সঙ্গে কথা বলি, পরিচিত হই। পরে দেখা যাবে, কী করতে হবে।”
এলডিসি উত্তরণ ও অপচয়মূলক প্রকল্প প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এসব বিষয়ে পরে বিস্তারিত কথা বলবেন।
এরপর তিনি এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনা কমিশনের সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।