গেল জানুয়ারি মাসে সারা দেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৯৭টি দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত ও এক হাজার ২৩৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংস্থার দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদন বিশ্লেষণ করে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সংস্থার মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী-এর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধুমাত্র সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৫৪৬ জন ও আহত ১,২০৪ জন। এছাড়া রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩৩ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন, নৌপথে আট দুর্ঘটনায় সাতজন নিহত, ছয়জন আহত এবং তিনজন নিখোঁজ রয়েছেন।
প্রতিবেদনে দেখা গেছে, মোটরসাইকেল দুর্ঘটনা মোট সড়ক দুর্ঘটনার ৩৭.৮৬ শতাংশ, এতে নিহত হয়েছেন ২২৩ জন এবং আহত ১৩২ জন।
জানুয়ারিতে সর্বাধিক সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে ১৩২টি এবং সবচেয়ে কম সিলেট বিভাগে ২৯টি। ঢাকায় নিহত হয়েছেন ১৩৩ জন এবং আহত ৩২৮ জন। সিলেটে নিহত ২৮ জন এবং আহত ৬৩ জন।
দুর্ঘটনার শিকারদের মধ্যে রয়েছেন আইন-শৃঙ্খলা বাহিনীর ১৫ সদস্য, ১৩১ চালক, ৮৯ পথচারী, ৫৩ পরিবহন শ্রমিক, ৭৯ শিক্ষার্থী, ৯ শিক্ষক, ৬২ নারী, ৬৭ শিশু, চার চিকিৎসক, চার সাংবাদিক এবং রাজনৈতিক দলের ১১ নেতাকর্মী।
দূর্ঘটনার ধরন অনুযায়ী, জানুয়ারিতে ৪২.৫৭ শতাংশ দুর্ঘটনা জাতীয় মহাসড়কে, ২৭.৮৯ শতাংশ আঞ্চলিক মহাসড়কে, ২৪.০৯ শতাংশ ফিডার রোডে, ৪.৫২ শতাংশ ঢাকা মহানগরীতে, ০.৫৪ শতাংশ চট্টগ্রাম মহানগরীতে এবং ০.৩৬ শতাংশ রেলক্রসিংয়ে সংঘটিত হয়েছে।
সংস্থা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ১৪টি সুপারিশ দিয়েছে, যার মধ্যে রয়েছে দক্ষ চালক তৈরি, যানবাহনের ডিজিটাল ফিটনেস নিশ্চিতকরণ, সিসিটিভি পদ্ধতিতে ট্রাফিক আইন কার্যকর করা, জাতীয় মহাসড়কে ফুটপাত ও সার্ভিস লেইন ব্যবস্থা, রোড মার্কিং ও সাইনিং স্থাপন, পথচারী পারাপার নিরাপদ করা, চালকের বেতন ও কর্মঘণ্টা সুনিশ্চিত করা ইত্যাদি।