প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সালমান শাহ মামলা: নতুন তারিখ ৯ এপ্রিল

সালমান শাহ মামলা: নতুন তারিখ ৯ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) বা সালমান শাহর মৃত্যু ঘটনায় পরিকল্পিত হত্যা অভিযোগে দায়ের করা মামলায় তার স্ত্রী সামীরা হক, সামীরার মা লতিফা হক লিও (লুসি) ও খলনায়ক আশরাফুল হক ডনসহ ১১ আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার কোনো প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ৯ এপ্রিল প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করা হয়।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহ মারা যান। তার বাবা প্রয়াত কমরউদ্দিন আহমদ চৌধুরী প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করেন। পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই হত্যা মামলা হিসেবে রূপান্তরিত করার আবেদন করেন। সিআইডি ৩ নভেম্বর ১৯৯৭ সালের চূড়ান্ত প্রতিবেদনে মৃত্যু আত্মহত্যা হিসেবে উল্লেখ করে, যা বাদীপক্ষ প্রত্যাখ্যান করেন।

মামলায় আসামিদের মধ্যে সামীরা হক ছাড়াও রয়েছেন— শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ফরহাদ। এছাড়া অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

বাদীপক্ষের মোহাম্মদ আলমগীর দাবি করেছেন, হত্যার সময় সালমানের শয়নকক্ষে দড়ির দাগ ও নীলচে দাগ দেখা যায়, যা মৃত্যু রহস্যজনক করে তোলে। সালমান শাহর বাবার মৃত্যুর পর আলমগীর তার বোনের পক্ষ থেকে মামলাটি পরিচালনা করছেন।

আদালত জানিয়েছে, যদি কোনো আসামি মৃত্যুবরণ করে থাকে, তবে প্রমাণ সাপেক্ষে তারা দায়মুক্তি পাবেন। মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা