রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে কথিত জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ছয় আসামিকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন নির্ধারণ করা হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এদিন রাষ্ট্রপক্ষের পক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আব্দুস সাত্তার পালোয়ান।
মামলায় মোট আটজনকে আসামি করা হয়েছে। তাদের আদালতে হাজিরের নির্দেশ থাকলেও দুজন গ্রেপ্তার অবস্থায় থাকায় বাকি ছয়জনের বিরুদ্ধে আত্মসমর্পণের নোটিশ পত্রিকায় প্রকাশের নির্দেশ দেওয়া হয়।
গ্রেপ্তার দুজন হলেন— সাবেক আইজিপি একে এম শহিদুল হক এবং ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতকদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।
এর আগে ২৯ জানুয়ারি প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে মিরপুরের কল্যাণপুর এলাকায় ‘জাহাজবাড়ি’ নামে পরিচিত একটি ভবনে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ‘অপারেশন স্ট্রম-২৬’ পরিচালনা করে। ওই অভিযানে ৯ তরুণ নিহত হন, যা পরবর্তীতে বিতর্কের জন্ম দেয় এবং এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়।