প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মুশফিকের অভিযোগ: পররাষ্ট্র উপদেষ্টার অসহযোগিতা

মুশফিকের অভিযোগ: পররাষ্ট্র উপদেষ্টার অসহযোগিতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৬

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি অভিযোগ করেছেন, জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ পদে আবেদন করার সময় তিনি নিজ সরকারের কাছ থেকে প্রত্যাশিত সমর্থন পাননি। এ বিষয়ে তিনি সদ্য বিদায়ী পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন-এর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সহকারী মহাসচিব পদে আবেদন করার পর তৎকালীন পররাষ্ট্র উপদেষ্টা তাকে ‘অগ্রসর না হতে’ নির্দেশ দেন। ফলে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক সমর্থনপত্র বা ‘নোট ভারবাল’ না পাওয়ায় তার আবেদন প্রক্রিয়া আর এগোয়নি।

রাষ্ট্রদূত জানান, লাটভিয়ার ব্র্যান্ডস কেহরিস-এর মেয়াদ শেষ হলে পদটি শূন্য হয়। তখন জাতিসংঘে কর্মরত এক বিদেশি সহকর্মী তাকে আবেদন করতে উৎসাহিত করেন। বিষয়টি তিনি সরকারপ্রধান মুহাম্মদ ইউনূস-কে অবহিত করলে তাঁর পরামর্শেই পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করেন।

তার ভাষ্য অনুযায়ী, শুরুতে মৌখিক সম্মতি মিললেও আবেদন জমা দেওয়ার পর তাকে ‘এগোতে না’ বলা হয়। আবেদন ইতোমধ্যে জমা হয়েছে জানালে এরপর থেকে পররাষ্ট্র উপদেষ্টা তার ফোন ধরা বন্ধ করে দেন বলেও দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে মুশফিক ফজল আনসারি উল্লেখ করেন, গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে দীর্ঘদিন কাজ করার পরও ন্যূনতম সমর্থন না পাওয়ায় তিনি হতাশ। এ ধরনের উচ্চপদে সদস্যরাষ্ট্রের আনুষ্ঠানিক সমর্থন প্রয়োজন হয় উল্লেখ করে তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকেও সহায়তার সম্ভাবনা থাকলেও তিনি নিজ দেশের সমর্থন নিয়েই এগোতে চেয়েছিলেন।

তিনি আরও দাবি করেন, বিষয়টি নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করলে তিনি বিস্ময় প্রকাশ করেন। তবে প্রধানমন্ত্রীকে বিব্রত করতে না চাওয়ায় সরাসরি হস্তক্ষেপ চাননি।

রাষ্ট্রদূত বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে জানতে চাইলে তাকে জানানো হয়— নির্বাচিত হওয়ার সম্ভাবনা কম থাকায় সমর্থন দেওয়া হয়নি। যদিও সংশ্লিষ্ট পদে কোনো ভোটাভুটি হয় না; সদস্যরাষ্ট্রের মনোনয়নের ভিত্তিতে জাতিসংঘ সংক্ষিপ্ত তালিকা তৈরি করে এবং সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ দেয়।

পোস্টে তিনি আরও অভিযোগ করেন, দায়িত্ব পালনকালে বিদেশে পোস্টিং ও জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণসহ নানা ক্ষেত্রে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। তবে দায়িত্ববোধের কারণে এখনই সব তথ্য প্রকাশ করছেন না জানিয়ে ভবিষ্যতে এ বিষয়ে একটি বই লেখার ইঙ্গিত দেন।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা