প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নিজের ভাষাকে গুরুত্ব না দেওয়ায় জাতীয়তাবোধ দুর্বল হচ্ছে: টুকু

নিজের ভাষাকে গুরুত্ব না দেওয়ায় জাতীয়তাবোধ দুর্বল হচ্ছে: টুকু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা নিজেদের ভাষাকে যথাযথভাবে জানার ও চর্চা করার চেষ্টা করিনি বলেই জাতীয়তাবোধ শক্তভাবে গড়ে উঠছে না।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ভাষা ও ইতিহাসের প্রতি অবহেলা জাতির জন্য ক্ষতিকর। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, নতুন প্রজন্মের মধ্যে এমন কিছু শব্দ ও ভাষার ব্যবহার বাড়ছে, যেগুলোর সঙ্গে বাংলা ভাষার ঐতিহাসিক চেতনার সম্পর্ক নেই। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ না করলে জাতি সঠিক পথে এগোতে পারে না।

তিনি আরও বলেন, “আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম জীবন দেওয়ার জন্য, সমাজ পরিবর্তনের প্রত্যয়ে। কিন্তু এখন দেখি সমাজ অনেক ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে।”

চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, পরিবর্তনের পরও আমরা ভাষা ও সংস্কৃতি রক্ষায় যথেষ্ট যত্নবান হতে পারিনি। যে জাতি নিজের ইতিহাস জানে না, সে জাতি টেকসই উন্নয়ন করতে পারে না।

শিল্পায়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, পরিকল্পনাহীন শিল্পায়ন ভবিষ্যতে খাদ্যনিরাপত্তার জন্য হুমকি হতে পারে। কৃষিজমি রক্ষা করে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে, যাতে শিল্প ও কৃষির মধ্যে ভারসাম্য বজায় থাকে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা