প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাদি হত্যার বিচার চান বোন মাসুমা

হাদি হত্যার বিচার চান বোন মাসুমা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬

ঝালকাঠির নলছিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পদযাত্রা, শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি নেতৃত্বে এই কর্মসূচি সম্পন্ন হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালেই নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গণে তরুণ তরুণীরা জড়ো হন। পরে পদযাত্রা শুরু হয়ে শহরের বাসস্ট্যান্ড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে, সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। অংশগ্রহণকারীরা জাতীয় পতাকা, প্ল্যাকার্ড ও ওসমান হাদির ছবি হাতে নিয়ে পদযাত্রায় অংশ নেন।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলনের শহীদদের পাশাপাশি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

মাসুমা হাদি বক্তব্যে বলেন, “একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করতে। আমার ভাই শরীফ ওসমান হাদি সবসময় ইনসাফের কথা বলেছে। আজ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একই সঙ্গে তার হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি।” তিনি আরও বলেন, তার ভাই ক্ষমতার রাজনীতি করতে চাইনি, তিনি চেয়েছিলেন ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানুষের অধিকার নিশ্চিত হোক।

শরীফ ওসমান বিন হাদি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় জাতীয় অঙ্গনে পরিচিতি পান। শিক্ষা ও রাষ্ট্রীয় সংস্কারের দাবিতে তরুণদের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। ইনকিলাব মঞ্চ প্রতিষ্ঠা করে মুখপাত্র ও সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালান। ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর ও পুরাতন পল্টন এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে মারা যান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিপুল মানুষের উপস্থিতিতে তাকে শেষ বিদায় দেওয়া হয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা