গণমাধ্যম সংক্রান্ত বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা অন্য কোনো দপ্তরের হস্তক্ষেপ পেশাগত স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সাংবাদিকতার পেশাগত সমস্যা সাংবাদিকতার নিজস্ব কাঠামোর মধ্যেই সমাধান করা উচিত।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সাংবাদিকতা একটি স্বতন্ত্র পেশা। তাই এর সংকট বা বিরোধ প্রতিষ্ঠিত নীতিমালা ও কাঠামোর মধ্যেই সমাধান হওয়া প্রয়োজন। গণমাধ্যম সরকার ও জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকরা নানা চ্যালেঞ্জের মুখোমুখি হন। এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। ওয়েজ বোর্ডকে সময়োপযোগী করার কার্যক্রমও শুরু হয়েছে, যাতে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা যায়। স্বাধীন গণমাধ্যম ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
নারী ক্ষমতায়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম চলতি মাসেই শুরু করার পরিকল্পনা রয়েছে। বেকারত্ব সমস্যা সমাধানেও দেশব্যাপী পরিকল্পনা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন ছাড়া অন্য কোনো মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হবে না। মহান শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি এবং ভাষা আন্দোলনের আদর্শ ধারণ করে গণমাধ্যম, গণতন্ত্র ও সমাজ উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ মাহফুজুর রহমান।