প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শহীদ মিনারে জামায়াত নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য

শহীদ মিনারে জামায়াত নিয়ে শিক্ষামন্ত্রীর মন্তব্য
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং পরিবর্তনের একটি নতুন ধারা দৃশ্যমান হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতাকর্মীদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে দেখা গেছে, যা একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, জামায়াত অতীতে শহীদ মিনারে যাওয়ার বিষয়টি বিশ্বাস না করলেও এখন তারা সেখানে যাচ্ছে এবং নিজেদের নতুনভাবে উপস্থাপনের চেষ্টা করছে। এটি দেশের পরিবর্তনশীল রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতিফলন।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গড়তে হলে নতুনভাবে চিন্তা ও কাজ করতে হবে। নতুন প্রজন্মকে গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পরিবর্তনের সূচনা শিক্ষকদের মাধ্যমেই হতে হবে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে কেবল বাইরের পরামর্শ নয়, নিজেদের অভিজ্ঞতা ও অনুভূতিকেও গুরুত্ব দিতে হবে।

মন্ত্রী বলেন, আগে সীমিত সুযোগে অনেক কিছু শিখতে হয়েছে। এখন বিজ্ঞানের যুগে সুযোগ আরও বিস্তৃত—তাই সেই সুযোগ কাজে লাগাতে হবে। শিক্ষা মন্ত্রণালয় সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ অন্যান্য মন্ত্রণালয়ের ভিত্তি তৈরি হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে। শিক্ষাকে শক্তিশালী না করলে উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়।

২১ ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতা ও বিশ্বপরিচয়ের পথ তৈরি করেছে উল্লেখ করে তিনি সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের অঙ্গীকার করার আহ্বান জানান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-এর সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা