প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

মব কালচার’ দেশ গড়ার পথে বাধা হতে পারে: এ্যানি

মব কালচার’ দেশ গড়ার পথে বাধা হতে পারে: এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬

সরকার ও দেশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, মব মানে একটি বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা। ‘মব কালচার’ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা হতে পারে। যারা মব করছেন, তাদের সরে আসা উচিত। সবাইকে দায়িত্বশীল অবস্থান থেকে কাজ করতে হবে। কেউ এর বাইরে কিছু করলে তার দায়দায়িত্ব তাদেরই বহন করতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংসদ নির্বাচন হয়েছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। হ্যাঁ-না ভোট হয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। খুব স্বাভাবিকভাবেই বিষয়টি পার্লামেন্টে উত্থাপিত হবে। ‘হ্যাঁ’-এর আলাদা করে শপথের প্রয়োজন নেই, এটি স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে—এটাই জুলাই সনদ।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, যেখানে ‘না’ ভোট হয়েছে, সেখানে বিষয়টি সংসদে উত্থাপিত হয়ে আলোচনা হবে। যেসব ক্ষেত্রে নোট অব ডিসেন্ট দেওয়া হয়েছে, সেগুলোও নির্ধারিত প্রক্রিয়ায় বিবেচনা করা হবে। এ বিষয়ে আইনবিদরা ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছেন।

তিনি বলেন, হ্যাঁ-না ভোট নিয়ে আলাদা করে বিতর্কের প্রয়োজন নেই। এটি সংসদে স্বয়ংক্রিয়ভাবে উত্থাপিত হবে এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এখন দরকার—সরকারকে কীভাবে সহযোগিতা করা যায় এবং দেশকে আন্তরিকতার সঙ্গে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে মনোযোগ দেওয়া।

বিএনপির এই নেতা বলেন, মত-পথ ভিন্ন থাকতে পারে, তবে সব ইস্যুতে বিরোধিতার অবস্থান থেকে সরে এসে দেশ গড়ার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা