প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভাষাশহীদদের প্রতি বিদেশিদের শ্রদ্ধা

ভাষাশহীদদের প্রতি বিদেশিদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সাধারণ মানুষের পাশাপাশি ভিনদেশিরাও এসেছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। বিভিন্ন দেশের নাগরিকরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করে স্মরণ করেছেন ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই শহীদ মিনার এলাকায় ছিল মানুষের ঢল। সাদা-কালো পোশাকে, হাতে ফুল নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সারিবদ্ধভাবে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিদেশি নাগরিকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

শহীদ মিনার প্রাঙ্গণে কথা হয় কানাডার নাগরিক জেসির সঙ্গে। তিনি বলেন, ভাষা ও ভাষাশহীদদের প্রতি মানুষের এমন শ্রদ্ধা দেখে তিনি মুগ্ধ। ভাষার জন্য জীবন দেওয়ার ঘটনা বিশ্বে বিরল উল্লেখ করে তিনি জানান, এখানে এসে শ্রদ্ধা জানাতে পেরে তিনি গর্বিত।

ইতালির নাগরিক জোসেফ বলেন, নানা দেশ থেকে এসে এমন আবেগঘন আয়োজনে অংশ নিতে পেরে তিনি আনন্দিত। ভাষার প্রতি মানুষের গভীর ভালোবাসা তাকে অনুপ্রাণিত করেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্বজুড়ে পালিত হলেও বাংলাদেশে এর তাৎপর্য আলাদা মাত্রা বহন করে। ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে প্রতি বছর এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদন জাতির ঐতিহ্য ও আত্মত্যাগের ইতিহাসকে নতুন করে স্মরণ করিয়ে দেয়।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা