প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নেইমারের বিদায়: অবসরের আনুষ্ঠানিক ঘোষণা

নেইমারের বিরুদ্ধে মামলা নারী বাবুর্চির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি, ২০২৬

২০০৯ সালে ১৭ বছর বয়সে সান্তোস-এর জার্সিতে যে ক্যারিয়ারের শুরু, ৩৪ বছর বয়সে সেই ক্লাবেই ইতি টানার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সম্প্রতি ব্রাজিলের অনলাইন চ্যানেল কেজ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চলতি বছরের শেষেই ফুটবল থেকে অবসর নিতে পারেন।

ক্যারিয়ারজুড়ে একের পর এক চোট এবং বর্তমান ফিটনেস সমস্যাই তাকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিচ্ছে। গত বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। ক্লাবটির সঙ্গে তার চুক্তির মেয়াদ এ বছরের ডিসেম্বর পর্যন্ত।

চোট নিয়েই গত মৌসুমে খেলতে নেমে সান্তোসকে অবনমন থেকে বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। তবে এর জন্য শারীরিক বড় মূল্য দিতে হয়েছে। ডিসেম্বরে বাঁ হাঁটুতে অস্ত্রোপচারের পর দীর্ঘ বিরতির পর গত ১৬ ফেব্রুয়ারি ভেলো ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন নেইমার। তবু তিনি স্বীকার করেছেন, পূর্ণ ফিট না হওয়ায় সাবধানে খেলতে হচ্ছে।

 

 

২০২৬ বিশ্বকাপে খেলা তার অন্যতম বড় লক্ষ্য। ২০২৩ সালের অক্টোবরের পর চোটের কারণে তিনি আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামতে পারেননি। জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি তার জন্য দরজা খোলা রাখলেও শর্ত দিয়েছেন পূর্ণ ফিটনেস ফিরে পাওয়ার। নেইমার নিজেও মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে জায়গা করে নেওয়া বড় চ্যালেঞ্জ।

নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে নেইমার বলেন, ‘আগামী বছর কী হবে জানি না। সম্ভবত ডিসেম্বর এলে আমি অবসর নিতে চাইব। এখন শুধু এ বছরটি নিয়ে ভাবছি।’ তার ভাষায়, শেষ সিদ্ধান্ত হবে হৃদয়ের।

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার ১২৮ ম্যাচে ৭৯টি গোল করেছেন। ইউরোপে বার্সেলোনা-র হয়ে ট্রেবল জয়ের পাশাপাশি প্যারিস সেন্ট-জার্মেই-র হয়েও জিতেছেন একাধিক শিরোপা। এর আগে তিনটি বিশ্বকাপে অংশ নেওয়া এই ফরোয়ার্ড এ মৌসুমে নিজের শতভাগ দিয়ে খেলতে মুখিয়ে আছেন।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপ-এ ব্রাজিলের ‘সি’ গ্রুপের প্রতিপক্ষ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ডিসেম্বরেই যদি অবসরের সিদ্ধান্ত নেন, তবে তার আগে শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চ রাঙানোর লক্ষ্য নিয়েই এগোতে চান নেইমার।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা