ভাষা আন্দোলনের আদর্শকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেন, ভাষা আন্দোলনের ধারাবাহিকতাতেই মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল এবং সেই চেতনার আলোকে সবার সমান নাগরিক অধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার-এ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। নির্বাচনের আগে জনগণের যে প্রত্যাশা ছিল, তা এখনো অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
সাবেক সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, গত দেড় দশকে নির্বাচনব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হলেও বাস্তবে সেই আদর্শ থেকে বিচ্যুতি ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। দেশকে অস্থিরতা, গুম ও সহিংসতার রাজনীতির দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন।
বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে ইশরাক হোসেন বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে দেশ আবারও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে এসেছে এবং একটি নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। এখন জনগণের বহুমুখী প্রত্যাশা পূরণ করাই সরকারের অগ্রাধিকার। অঞ্চল ও পেশাভেদে মানুষের চাহিদা ভিন্ন হতে পারে, সেগুলো বিবেচনায় নিয়ে কাজ করতে হবে।
ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করে তিনি বলেন, ভাষা আন্দোলন ছিল সমঅধিকার ও মর্যাদার সংগ্রাম। দল, ধর্ম কিংবা জাতিগত বিভেদ নয়—সবার জন্য সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করাই ছিল সেই আন্দোলনের মর্মবাণী। পাহাড়ি ও সমতলের মানুষসহ দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করেই একটি শক্তিশালী ও সার্বভৌম রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় বিএনপির মহানগর দক্ষিণের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। ফুলে সজ্জিত শহীদ মিনার প্রাঙ্গণে ভাষা শহীদদের স্মরণ করে তারা গণতন্ত্র, ন্যায় ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।