প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রোহিঙ্গা ক্যাম্পে মেসুত ওজিল; সারলেন ইফতার

রোহিঙ্গা ক্যাম্পে মেসুত ওজিল; সারলেন ইফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

জার্মানির বিশ্বকাপজয়ী সাবেক তারকা ফুটবলার মেসুত ওজিল কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন তিনি।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর ছেলে নেকমোদ্দিন বিলাল এরদোয়ান-এর নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সকাল সাড়ে ১০টায় বিশেষ বিমানযোগে কক্সবাজার পৌঁছান ওজিল।

রোহিঙ্গা ক্যাম্পে চলমান শিক্ষা ও স্বাস্থ্য প্রকল্প পরিদর্শনের পর বিকেলে ৪ নম্বর ক্যাম্পে মংডু ও বুথিডংয়ের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করেন তিনি। একপর্যায়ে মাঠে নেমে রোহিঙ্গাদের সঙ্গে ফুটবল খেলেন এবং বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন ২০১৪ বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

সন্ধ্যায় তুর্কি সরকারের সহযোগী সংস্থা টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) পরিচালিত কিচেন সেন্টারে রোহিঙ্গাদের সঙ্গে প্রথম রোজার ইফতার করেন প্রতিনিধি দল।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান ও পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান প্রতিনিধি দলকে স্বাগত জানান। পরে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান-এর সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে নেকমোদ্দিন এরদোয়ান বলেন, রোহিঙ্গাদের মানবিক আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও জনগণকে ধন্যবাদ। তিনি বিশেষ করে নারী ও শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সংকট মোকাবিলায় তুরস্ক সরকারের সহযোগিতার আশ্বাস দেন।

উল্লেখ্য, টিকা’র একটি প্রকল্পের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শহীদ ডা. মুর্তজা মেডিকেল সেন্টারের আধুনিকায়নে ২ কোটি ৭৫ লাখ টাকা সহায়তা দিয়েছে তুর্কি সরকার। বুধবার ওই প্রকল্পের উদ্বোধনেও অংশ নেন বিলাল এরদোয়ান ও মেসুত ওজিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা