আবারো ফিরে এলো রক্তঝরা একুশে ফেব্রুয়ারি। অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে শিল্পী, শিক্ষার্থী ও কর্মীদের ব্যস্ততায় মুখর পুরো এলাকা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, মূল বেদী পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুন রূপ দেওয়া হচ্ছে। সাদা রঙের প্রলেপে উজ্জ্বল হয়ে উঠছে মিনার। রংয়ের কাজ শেষ হলে মিনারের পেছনে প্রতীকী লাল সূর্য স্থাপন করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার চারপাশে সাজ-সাজ রব। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ-এর পাঁচ শতাধিক শিক্ষার্থী আলপনা আঁকা ও নান্দনিক সজ্জার কাজে নিরলসভাবে কাজ করছেন। মূল চত্বরের কাজ প্রায় শেষ পর্যায়ে, তবে রাস্তার আলপনা আঁকায় এখনও ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা।
চারুকলার শিক্ষার্থী মেহেরুন্নেসা ইতি জানান, লাইন টানার কাজ সম্পন্ন হয়েছে, এখন রংয়ের কাজ চলছে। আরেক শিক্ষার্থী বিবেক কুমার বলেন, শিক্ষক ও শিক্ষার্থীরা সমন্বিতভাবে কাজ করছেন যাতে নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তুতি শেষ করা যায়।
এছাড়া শহীদ মিনারসংলগ্ন দেওয়ালে বর্ণমালা লিখন ও ভাষা আন্দোলনের ইতিহাসভিত্তিক গ্রাফিতি তৈরির কাজও চলছে। নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর অস্থায়ী কন্ট্রোল রুম তৈরির কার্যক্রমও এগিয়ে চলছে।
আগামীকাল (২০ ফেব্রুয়ারি) রাত থেকেই ফুল হাতে মানুষের ঢল নামবে শহীদ মিনারে। ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় সিক্ত হবে পুরো প্রাঙ্গণ।