আগামী ২০ ফেব্রুয়ারি থেকে তিন দিনের সরকারি সফরে কক্সবাজার জেলায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এই সফরের অফিসিয়াল সূচি নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশ করা হয়েছে।
সফরের প্রথম দিনে, ২০ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩০ মিনিটে তিনি রাজধানীর মিন্টু রোডের বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। বিকেল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (BG 437) ফ্লাইটে কক্সবাজারে পৌঁছে সার্কিট হাউজে অবস্থান ও রাত্রিযাপন করবেন।
দ্বিতীয় দিনে, ২১ ফেব্রুয়ারি সকাল ৯টায় তিনি কক্সবাজার থেকে পেকুয়া উপজেলার মগনামা ঘাট হয়ে কুতুবদিয়া উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। জিয়ারতের পর দুপুর ২টা ৩০ মিনিটে পুনরায় কক্সবাজার সার্কিট হাউজে ফিরে রাত্রিযাপন করবেন।
শেষ দিনে, ২২ ফেব্রুয়ারি বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার (2A 444) ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। দুপুর ২টা ৪৫ মিনিটে নির্বাচন কমিশন সচিবালয়ে পৌঁছানোর কথা রয়েছে।
সিইসি’র সফরের নিরাপত্তা নিশ্চিত করতে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি, ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং পুলিশ সুপারদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।