রাজনীতির মাঠে বক্তৃতা অনেকেই দেন, কিন্তু অভিযোগ শোনার দরজা খুলে দেওয়ার সাহস সবার থাকে না। বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১-এ চাঁদাবাজি, দখলবাজি এবং যেকোনো অপরাধ বা অনিয়মের তথ্য সরাসরি জানাতে একটি বিশেষ ওয়েবসাইট চালু করেছেন।
তিনি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছিলেন, ওয়েবসাইট উদ্বোধনের পর থেকে বিপুল সাড়া পাওয়া গেছে। ইতোমধ্যেই অনেক অভিযোগ ও বার্তা এসেছে, যা তার টিম যাচাই-বাছাই ও সংকলন করছে। মির্জা ফখরুল আশ্বাস দিয়েছেন, খুব শিগগিরই প্রতিটি অভিযোগের জবাব দেওয়া হবে।
স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, চাঁদাবাজির ভয় প্রকাশ্যে বলতে পারি না, কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি জানানো সম্ভব হলে অন্তত একটি ভরসা পাওয়া যায়। শিক্ষক রোকসানা বেগম মন্তব্য করেন, এই উদ্যোগ নিরাপদে অভিযোগ জানাতে দৃষ্টান্ত স্থাপন করেছে। যুবক আব্দুল কাদের যোগ করেন, শুধু মেসেজ নেওয়া নয়, দৃশ্যমান পদক্ষেপও প্রয়োজন।
ওয়েবসাইটটি স্থানীয়দের সরাসরি অভিযোগ জানানোর সুযোগ দেয় এবং নিশ্চিত করে তাদের পরিচয় গোপন রাখা হবে, যাতে সমস্যা প্রকাশে ভয় না থাকে।