জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন রমজানকে সামনে রেখে প্রবাসীরা বৈধ পথে দেশে অর্থ পাঠানোয় তৎপরতা দেখিয়েছেন। চলতি ফেব্রুয়ারির প্রথম ১৮ দিনে দেশে ২ বিলিয়ন (২০০ কোটি) ডলারের বেশি রেমিট্যান্স এসেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞরা আশা করছেন, মাস শেষে এটি ৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করতে পারে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, জানুয়ারিতে প্রবাসীরা ৩১৭ কোটি ডলার পাঠিয়েছেন, যা একক মাস হিসেবে দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। ২০২৫ সালে দেশে মোট প্রবাসী আয় হয়েছে ৩,২৮২ কোটি ডলার। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা মোট ২,১৫৬ কোটি ডলার পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২২.৩ শতাংশ বেশি।
বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে পরিবারের অতিরিক্ত খরচ মেটাতে প্রবাসীরা বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। ব্যাংক খাতের কর্মকর্তারা জানান, অর্থ পাচার কমে যাওয়া ও ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকায় বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৫৪ বিলিয়ন ডলার।