প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জনগণের ট্যাক্সে আমাদের পথচলা: জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব

জনগণের ট্যাক্সে আমাদের পথচলা: জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্ব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে এক মতবিনিময় সভায় বলেন, একটি ক্ষতিগ্রস্ত অর্থনীতি এবং দুর্বল রাষ্ট্রব্যবস্থার মধ্য দিয়ে আমরা দেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছি। তিনি আরও বলেন, জনগণের করের অর্থে চলমান সরকার জনগণের প্রতি জবাবদিহিতা নিশ্চিত করা নৈতিক দায়িত্বের অন্তর্ভুক্ত।

সভায় মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী মন্ত্রণালয়ের সার্বিক কর্মকাণ্ডের ওপর উপস্থাপনা করেন। মন্ত্রী উল্লেখ করেন, রাষ্ট্রের সুষ্ঠু ও সফল গঠন নিশ্চিত করতে সব স্তরের মানুষ—ব্যক্তি, সমাজ ও সরকার—ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন। ভিন্নমত ও বিভেদ ভুলে একসাথে কাজ করলে উন্নয়ন, ন্যায় ও সুশাসন নিশ্চিত করা সম্ভব।

মন্ত্রী আরও বলেন, কার্যকর ও শক্তিশালী প্রতিষ্ঠান গঠন মানে শুধু প্রশাসনিক কাঠামো ঠিক রাখা নয়, জনগণের আস্থা পুনরুদ্ধার করাও। তিনি দেশের গ্রামীণ জনগণের কষ্টকে বাস্তব সামাজিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের লক্ষ্য হচ্ছে ধীরে ধীরে গ্রামের মানুষের জীবনমান উন্নত করা। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দুর্নীতি নিয়ন্ত্রণ করা সরকারের অগ্রাধিকার বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মন্ত্রণালয় সরাসরি সাধারণ মানুষের সঙ্গে জড়িত। সবাই মিলে কাজ করলে উন্নয়ন ও গণতন্ত্র সমুন্নত রেখে জনগণের কাছে পৌঁছানো সম্ভব। দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ বিনির্মাণে এই মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকা অপরিহার্য। নির্বাচনী ইশতেহার এবং ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনগণের সঙ্গে করা একটি সামাজিক চুক্তি।

সর্বশেষ, তিনি যোগ করেন, দলীয় স্বার্থের চেয়ে জনস্বার্থকে অগ্রাধিকার দিলে এই মন্ত্রণালয়ের উদ্যোগে একটি কল্যাণমুখী, মানবিক ও টেকসই রাষ্ট্র গঠন সম্ভব হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা