নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, দীর্ঘ দেড় যুগ পর একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হওয়ায় জনগণের প্রত্যাশা অনেক। সেই প্রত্যাশা পূরণে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ওপর জোর দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, মন্ত্রণালয়ের সকল প্রতিষ্ঠান পুনর্গঠন ও নৈতিকতা উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই।
সালাহউদ্দিন আহমদ বলেন, জনবল নিয়োগ, বাজেট প্রণয়ন ও যুগোপযোগী উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে শক্তিশালী করা হবে। পাশাপাশি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দপ্তর-সংস্থার প্রধানদের পরামর্শ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. দেলোয়ার হোসেন, আইজিপি বাহারুল আলমসহ বিভিন্ন দপ্তর-সংস্থার প্রধান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।