শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, সরকার আর শিক্ষাকে শুধুমাত্র খরচের খাত হিসেবে দেখবে না। শিক্ষা হবে রাষ্ট্রের প্রথম বিনিয়োগ, মানবসম্পদের মূল কারখানা এবং জাতি গঠনের প্রধান প্রকল্প। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অর্থায়ন অপরিহার্য। অতীতের বছরগুলোতে শিক্ষা খাতে বরাদ্দ মোট বাজেটের প্রায় ১২ শতাংশ এবং জিডিপির দেড়-দুই শতাংশের কাছাকাছি সীমিত ছিল। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতিগত অবস্থান অনুযায়ী, শিক্ষায় বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির ৪-৬ শতাংশ বরাদ্দ এবং মোট সরকারি ব্যয়ের ১৫-২০ শতাংশ রাখতে হবে।
ববি হাজ্জাজ আরও জানান, শুধু বরাদ্দ বৃদ্ধি নয়, বরং উন্নয়ন বাজেটের গুণগত মান বৃদ্ধি করা হবে। শিক্ষার ক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ, প্রতিষ্ঠান শক্তিশালী করা, বিজ্ঞানাগার, গ্রন্থাগার, ভাষা ল্যাব, ডিজিটাল কনটেন্ট, মূল্যায়ন সক্ষমতা এবং স্কুল অবকাঠামো—বিশেষ করে পানি, স্যানিটেশন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ পদ্ধতি চালু করা হবে, ফ্রি ওয়াই-ফাই ও মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকবে। এটি শুধুমাত্র গ্যাজেট প্রজেক্ট নয়, বরং শিক্ষণ-শেখার অপারেটিং সিস্টেম হিসেবে কার্যকর হবে।
প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের তৃতীয় একটি ভাষা শেখানো হবে, যা আন্তর্জাতিক চাহিদা ও শ্রমবাজারে সহায়ক হবে। স্কুলগুলোকে ইনোভেশন স্পেসে পরিণত করা, মাধ্যমিক পর্যায় থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা, এবং শিক্ষার্থীদের শুধু সনদ নয়, বাস্তব সক্ষমতা অর্জন নিশ্চিত করা হবে সরকারের অগ্রাধিকার।