প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এই রমজানেই আসছে ফ্যামিলি কার্ডের সুবিধা

এই রমজানেই আসছে ফ্যামিলি কার্ডের সুবিধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

রমজান মাসেই পাইলট প্রকল্প হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড কর্মসূচির বিস্তারিত উল্লেখ রয়েছে। এটি কীভাবে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে এবং প্রাথমিকভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কতসংখ্যক পরিবার এ সুবিধা পাবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসূচিটি মূলত সার্বজনীন করার পরিকল্পনা রয়েছে। এ জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যারা ধাপে ধাপে হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারকে এর আওতায় আনার রূপরেখা নির্ধারণ করবে।

রমজানেই এটি কার্যকর হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ঈদের আগেই পরীক্ষামূলকভাবে প্রকল্পটি চালু করার লক্ষ্য রয়েছে। প্রধানমন্ত্রী চান, অন্তত পাইলট আকারে হলেও ঈদের আগে এটি শুরু হোক।

এদিকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)–র পক্ষ থেকে আগামী অর্থবছরে ফ্যামিলি কার্ড চালু না হলে নির্বাচনে নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন মন্তব্য প্রসঙ্গে মন্ত্রী বলেন, কর্মসূচি চালু হওয়া নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। বর্তমানে বাস্তবায়ন প্রক্রিয়া ও কাঠামো চূড়ান্ত করার কাজ চলছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা