প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শপথের রেশ কাটতে না কাটতেই দেবিদ্বারে এমপি হাসনাত

বান্দরবান সফরে এমপি হাসনাত আব্দুল্লাহ, কৌতূহল স্থানীয়দের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)–এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শপথ নেওয়ার পরপরই নিজ এলাকায় গিয়ে জুলাই আন্দোলনে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এলাকায় পৌঁছানোর পর বুধবার সকাল থেকেই তিনি বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। এ সময় শহীদ আব্দুর রাজ্জাক রুবেলের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং ব্যক্তিগত তহবিল থেকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়ার পাশাপাশি একটি পাকা ঘর নির্মাণের ঘোষণা দেন।

পরবর্তীতে শহীদ আমিনুল ইসলাম সাব্বিরের পরিবারের হাতে ২ লাখ টাকা তুলে দেন এবং তাদের স্বাবলম্বী করতে একটি দোকান স্থাপনে সহায়তার আশ্বাস দেন। এছাড়া মহেশপুর গ্রামের শহীদ জহিরুল ইসলাম ও বড়শালঘর গ্রামের শহীদ সাগরের বাড়িতেও যান তিনি। সেখানেও পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়ে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন।

বিকেলে স্থানীয় একটি রেস্তোরাঁয় জুলাই আন্দোলনে আহতদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম নিজ উদ্যোগে তদারকির আশ্বাস দেন।

এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের সঙ্গে কোনো ধরনের অবিচার বরদাশত করা হবে না। শহীদ ও আহতদের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি বা দখলবাজির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

তিনি আরও জানান, শহীদ পরিবার ও আহতদের পাশে থাকা তার দায়িত্বের অংশ এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা