প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

রমজানের শুরুতেই পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ১৫ টাকা

রমজানের শুরুতেই পেঁয়াজের দাম বাড়ল কেজিপ্রতি ১৫ টাকা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

পবিত্র রমজানের প্রথম দিনেই রাজধানীর খুচরা বাজারে পেঁয়াজের দামে অস্থিরতা দেখা গেছে। সরবরাহ কমে যাওয়া ও চাহিদা বৃদ্ধির প্রভাব দেখিয়ে এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে দাম। বর্তমানে ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়, আর ছোট আকারের পেঁয়াজ পাওয়া যাচ্ছে ৫৫ টাকায়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি কাঁচাবাজার ও রায়েরবাজার–সহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। অধিকাংশ দোকানেই ৬০ টাকার নিচে ভালো মানের পেঁয়াজ মিলছে না বলে জানান ক্রেতারা।

বিক্রেতারা বলছেন, গত কয়েক দিন ধরেই দাম ঊর্ধ্বমুখী। মৌসুমের শেষ দিকে সরবরাহ কমে আসা, পরিবহন ব্যয় বৃদ্ধি এবং রমজান উপলক্ষে চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে দর বেড়েছে। সেই প্রভাব খুচরা পর্যায়েও পড়েছে। তাদের দাবি, মোকামে বেশি দামে কিনতে হওয়ায় বাধ্য হয়েই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ে। মারুফ হোসেন নামের এক ক্রেতা বলেন, গত সপ্তাহেও দুই কেজি পেঁয়াজ ১০০ টাকার নিচে কিনেছেন, এখন একই পরিমাণ কিনতে গুনতে হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকা। রিকশাচালক মো.আকাশ জানান, দুই দিন আগেও ৫০ টাকা কেজিতে পেঁয়াজ কিনেছেন, তবে সামনে আরও বেশি দামে কিনতে হবে বলে আশঙ্কা করছেন।

রমজানের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ মানুষ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা