প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চবি ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা বয়কট, অধ্যক্ষ রুমে তালা

চবি ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের পরীক্ষা বয়কট, অধ্যক্ষ রুমে তালা
চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬

খণ্ডকালীন শিক্ষকদের বাদ দিয়ে স্থায়ী শিক্ষক নিয়োগ করায় পরীক্ষা বর্জন করে অধ্যক্ষের রুমে তালা দিয়ে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল এণ্ড কলেজের শিক্ষার্থীদের একাংশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) পরীক্ষা শুরু হলে শিক্ষার্থীদের একাংশ পরীক্ষা বয়কট করে পরীক্ষার কেন্দ্র ও অধ্যক্ষের রুমে তালা দেয় শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের একাংশ কলেজ মাঠে অবস্থান করে। এদিন একাদশ ১ম শ্রেণীর অর্ধ বার্ষিক পরীক্ষার অংশ হিসেবে আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

জানা যায়, কলেজের ১১৩ নম্বর কক্ষে ৭ জন নারী শিক্ষার্থী, ১১৪ নম্বর কক্ষে ৯ জন নারী শিক্ষার্থী এবং ১২০ নম্বর কক্ষে ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন পরে আন্দোলনরত শিক্ষার্থীরা বাইরের দিক থেকে তালা দেয়ায় পরীক্ষা স্থগিত হয়ে যায়।

কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী সাদিয়া সুলতানা মিনা আন্দোলনের বিষয়ে বলেন, “আমাদের কলেজে নতুন শিক্ষক নিয়োগ হয়েছে তাদেরকে আমরা চিনি না, পূর্বে যারা ছিলেন তারা খুব বন্ধুসুলভ ছিলেন। তারা ১০-১২বছর আমাদেরকে পড়িয়েছে। তাদেরকে হঠাৎ করে বহিষ্কার করে নতুন শিক্ষক নিয়োগ দেয়ায় আমরা আন্দোলনের করছি।”

কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ১ম বর্ষের মোঃ মোজাম্মেল বলেন, প্রশাসন বলছে পূর্বের তারা অযোগ্য, তারা অযোগ্য হলে ৫ আগস্টের পরে কেন তাদেরকে বাদ দিলেন না। আমরা চাই আমাদের পুরাতন শিক্ষকরা আসুক।”

আন্দোলনরত কলেজের মানবিক বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ অহি জানায়, “আমাদের স্কুল আর কলেজে সম্প্রতি যে প্রধান অধ্যক্ষ  নিয়োগ হয়েছে তা সম্পূর্ণ অবৈধ। তার নামে সৌদি আরবে ১৬ কোটি টাকার দুর্নীতি মামলা রয়েছে। ইউজিসির কাছে নিয়োগ বাতিলের জন্য আবেদন করা হয়েছিল কিন্তু আমাদের আবেদন উপেক্ষা করে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।”

তিনি আরো বলেন, “দীর্ঘ ১০-১২ বছর ধরে দায়িত্ব পালন করে আসা ১২ জন খণ্ডকালীন শিক্ষককে হঠাৎ করে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ‘ভালো পড়ান না’ এমন অভিযোগ তোলা হলেও বাস্তবতা হলো, এই শিক্ষকরাই বিগত এক দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠা ও দক্ষতার সাথে স্কুল ও কলেজের একাডেমিক কার্যক্রম পরিচালনা করেছেন। কিন্তু এসব শিক্ষককে সরিয়ে স্বজন প্রীতি এবং দলীকরণের মাধ্যমে নতুন শিক্ষকদের নিয়োগ দেয়া হয়েছে। আমরা আমাদের পুরাতন শিক্ষকদের ফেরত চাই।”

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “যারা পূর্বে সেখানে শিক্ষক ছিলেন তারা কোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা শিক্ষক নয়। তারা খন্ডকালীন শিক্ষক হিসেবে ছিলেন। কোন যোগ্যতা বা অভিজ্ঞতা বিবেচনা করে তাদেরকে নিয়োগ দিয়েছিল বলে এমন কোন তথ্য আমাদের কাছে নেই। পরবর্তীতে আইন অনুযায়ী ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। রিটেন, পরীক্ষা, প্রেজেন্টেশন এবং ভাইভার মাধ্যমে তারা উত্তীর্ণ হয়েছেন।”

এ সময় তিনি আরও বলেন, “রিটেন পরীক্ষায় অংশগ্রহণের ন্যূনতম যে জিপিএ দরকার তা কর্মরত শিক্ষকদের ছিল না। তথাপি আমরা শুধুমাত্র তাদের জন্য আবেদন যোগ্যতা শিথিল করেছি। তারপরও দেখা গেল রিটেন পরীক্ষায় তারা কোয়ালিফাই করতে পারেনি। ফলে ভাইবা ও প্রেজেন্টেশন থেকে তারা বাদ পড়ে।”

আন্দোলন শেষে শিক্ষার্থীরা দুটি দাবি তুলে ধরে। তাদের দাবিগুলো হলো, সদ্য নিয়োগকৃত অধ্যক্ষকে অপসারণ করতে হবে এবং বিগত ১০ বছর থেকে যারা চাকরি করে আসছে তাদের সাথে ন্যায় বিচার করতে হবে।

উল্লেখ্য, শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবস্থান করে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা