পূর্ব ঘোষণা ছাড়াই মেসুত ওজিল হঠাৎ হাজির হন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মর্তুজা মেডিকেল সেন্টারের উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই তার এ সংক্ষিপ্ত সফর।
দেশে নতুন সরকার ও মন্ত্রিসভা নিয়ে আলোচনার মধ্যেই তিনি আগের দিন ঢাকায় পৌঁছান। তার আগমনের খবর আগে থেকে প্রকাশ না পেলেও ক্যাম্পাসে উপস্থিতির বিষয়টি ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। প্রিয় ফুটবল তারকাকে এক নজর দেখতে মেডিকেল সেন্টার এলাকায় ভিড় করেন অনেক শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তুরস্কের আন্তর্জাতিক সহযোগিতা ও সমন্বয় সংস্থা Turkish Cooperation and Coordination Agency (TIKA)–এর অর্থায়নে প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে মেডিকেল সেন্টারের অবকাঠামো ও সেবামূলক উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এ সময় বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, টিকার প্রেসিডেন্ট আব্দুল্লাহ এরেন এবং টিকা বাংলাদেশের কোঅর্ডিনেটর মোহাম্মদ আলী আরমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, সফরকালে ওজিল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে একটি ইফতার কর্মসূচিতেও অংশ নেবেন। সফর শেষে তিনি রাতেই দেশ ছাড়বেন।